Views Bangladesh Logo

মার্শাল আর্টের আড়ালে জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার ৭ জনের ৩ দিনের রিমান্ড

রাজধানীর যাত্রাবাড়ীতে মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার অভিযোগে গ্রেপ্তার সাতজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত পুলিশের সাত দিনের রিমান্ড আবেদন আংশিক মঞ্জুর করে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

শুনানিতে রাষ্ট্রপক্ষ দাবি করে, আসামিরা মার্শাল আর্ট ও ধর্মীয় কার্যক্রমের আড়ালে উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করছিলেন এবং খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সদস্য সংগ্রহের চেষ্টা করছিলেন। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করে বলেন, আসামিদের কোনো উগ্রবাদী বা জঙ্গিসংশ্লিষ্টতা নেই। তারা কেবল আত্মরক্ষার উদ্দেশ্যে মার্শাল আর্ট প্রশিক্ষণ দিতেন।

মামলার নথি অনুযায়ী, গত ৫ জুলাই যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকার একটি বালুর মাঠে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ‘সাবির ভাইয়ের জামাত’ নামে একটি সংগঠনের তথ্য পাওয়া গেছে। এছাড়া ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে মার্শাল আর্ট শেখানোর আড়ালে সদস্য সংগ্রহ এবং উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করা হতো। সদস্যরা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে ছদ্মনামে যোগাযোগ রাখতেন বলেও জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর বিভিন্ন ধারায় ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্তের স্বার্থে গ্রেপ্তার সাতজনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ