Views Bangladesh Logo

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ গেল একই পরিবারের ৭ সদস্যসহ ১১ জনের

 VB  Desk

ভিবি ডেস্ক

যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) দেশটির আনসার ও দেইর আল-জাহরানি এলাকায় এসব হামলা চালানো হয়। নিহতদের মধ্যে তিন শিশু ও দুই নারী রয়েছেন। নিহতদের সাতজন একই পরিবারের সদস্য বলে জানিয়েছে লেবাননের কর্তৃপক্ষ। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানান, রাজধানী বৈরুত থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে আনসার শহরের উপকণ্ঠে একটি বাড়িতে ভোর সাড়ে ৪টার দিকে হামলা চালানো হয়। এতে সাতজন নিহত হন। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলার শিকার বাড়িটিতে বাস্তুচ্যুত কয়েকটি পরিবার বসবাস করছিল। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

পরে দেইর আল-জাহরানি এলাকায় আরও কয়েক দফা হামলা চালায় ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় আরও চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ফলে শনিবারের হামলায় দক্ষিণ লেবাননে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১১ জনে।

তবে হামলার কারণ হিসেবে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। বাহিনীটি দাবি করেছে, ইসরায়েলি সেনাদের ওপর হামলার পর হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের একটি ব্যাটালিয়নের কমান্ডার আলি সামির আল-হাজ হাসানকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। আইডিএফের ভাষ্য, হাসান ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামলার প্রস্তুতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তাকে লক্ষ্য করেই আনসারে হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে, হাসান একটি সামরিক সদর দপ্তরের ভেতরে পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থান করছিলেন এবং তাদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করছিলেন। তবে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এ দাবি প্রত্যাখ্যান করে বলেন, নিহতরা বেসামরিক নাগরিক ছিলেন এবং ওই স্থানে কোনো সামরিক অবকাঠামো ছিল না। তিনি ইসরায়েলকে উত্তেজনা বাড়ানো বন্ধ করার আহ্বান জানান।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ও হামলার পক্ষে অবস্থান নিয়েছে। তাদের দাবি, হিজবুল্লাহর হামলায় তিন ইসরায়েলি সেনা গুরুতর আহত হওয়ার পর পাল্টা অভিযান চালানো হয়। যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত থাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ