Views Bangladesh Logo

টাকার বিনিময়ে অন্যের হয়ে হাজতবাস, ধরা পড়ে ফের কারাগারে

টাকার বিনিময়ে অন্যের পরিচয়ে আদালতে হাজিরা দিয়ে কারাগারে যাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর নতুন করে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নরসিংদীতে।

অভিযুক্ত হারুন মিয়া (৬২) এক মাস ছয় দিন অন্যের নামে কারাভোগ করার পর মুক্তির সময় কারাফটক থেকেই ফের পুলিশের হাতে গ্রেপ্তার হন।

২০২৪ সালে নরসিংদীর রায়পুরায় একটি মানবপাচার মামলায় তিন আসামি জামিন চাইতে আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

কিন্তু কিছুদিন পর কারা কর্তৃপক্ষের সন্দেহ হলে জানা যায়, কারাগারে থাকা এক আসামির পরিচয় ভুয়া। সেখানে থাকা ব্যক্তি ছিলেন হারুন মিয়া, যিনি প্রকৃত আসামি সেলিম মিয়ার নাম ব্যবহার করে হাজতবাস করছিলেন বলে অভিযোগ ওঠে।

প্রাথমিক তদন্তে জানা যায়, অর্থের বিনিময়ে তিনি অন্যের হয়ে আদালতে হাজিরা দেন এবং কারাগারে যান। বিষয়টি আদালতের নজরে এলে প্রকৃত আসামি সেলিম মিয়া পরে আদালতে আত্মসমর্পণ করেন।

নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আলী আহসান হারুন মিয়ার জামিন মঞ্জুর করেন। তবে একই সঙ্গে আদালত তার বিরুদ্ধে জালিয়াতি ও আদালতকে বিভ্রান্ত করার অভিযোগে নতুন মামলা করার নির্দেশ দেন।

আদালতের নির্দেশের পর কারাগার থেকে মুক্তির সময়ই পুলিশ তাকে ফের গ্রেপ্তার করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, প্রক্সি হাজিরা দিয়ে কারাভোগের ঘটনা গুরুতর অপরাধ। একজনের সাজা অন্যজন ভোগ করতে পারে না।

তারা আরও জানান, এই ঘটনায় কোনো আইনজীবীর গাফিলতি বা সম্পৃক্ততা রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হবে।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার পেছনে আর কারা জড়িত রয়েছে এবং এটি কোনো সংঘবদ্ধ জালিয়াতি চক্র কিনা—তা খতিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ