Views Bangladesh Logo

মারা গেছেন সাভারের সেই ‘সিরিয়াল কিলার’ সম্রাট

সাভারের আলোচিত সিরিয়াল কিলার মশিউর রহমান খান সম্রাট ওরফে ‘সাইকো সম্রাট’ ওরফে সবুজ শেখ মারা গেছেন। সোমবার (২৩ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ জানান, ভোরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।

চলতি বছরের শুরুতে সাভারের থানা রোড এলাকার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নজরদারির মাধ্যমে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ‘সাইকো সম্রাট’ নামে পরিচিত হলেও তার প্রকৃত নাম সবুজ শেখ। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায়।

পুলিশের তথ্যমতে, ২০১৪ সালে প্রথম হত্যাকাণ্ডের মাধ্যমে অপরাধজগতে জড়িয়ে পড়েন তিনি। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে ছদ্মবেশে ভবঘুরে জীবনযাপনের আড়ালে একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যান। তার বিরুদ্ধে সাতটি হত্যা ও দুটি মাদক মামলা বিচারাধীন ছিল।

তদন্তে উঠে আসে, বিভিন্ন সময়ে নারী-পুরুষকে শ্বাসরোধে হত্যা এবং মরদেহ পুড়িয়ে ফেলার মতো নৃশংস ঘটনায় তিনি জড়িত ছিলেন। এসব ঘটনার মধ্যে কয়েকটি হত্যার দায় স্বীকারও করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ