বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ সার্জিও গরের
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন সার্জিও গর। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
এক্সে দেওয়া পোস্টে সার্জিও গর বলেন, বাংলাদেশে এটি তার প্রথম সফর এবং এই সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। তিনি জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে উভয় পক্ষ একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছে। পাশাপাশি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির কথাও উল্লেখ করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করা সার্জিও গর তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান। বাংলাদেশে এটিই তার প্রথম সফর।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরকালে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে সরকারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।
মতামত দিন