ওয়েলসের পর ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার সার্বিয়া ও সুইডেনের
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ দিন দিন আরও বাড়ছে। ফিফার একটি বিতর্কিত বাণিজ্যিক প্রস্তাব বাতিল হওয়ার পর একের পর এক জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন তাঁর ওপর অনাস্থা প্রকাশ করছে। ওয়েলসের পথ অনুসরণ করে এবার ইনফান্তিনোর নতুন মেয়াদের প্রার্থিতা থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে সার্বিয়া ও সুইডেন। এদিকে, ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনও (এফএ) একই ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে।
বিশ্বকাপ ফুটবলের প্রায় ২০ শতাংশ শেয়ার ৪২০ কোটি ডলারের (৪.২ বিলিয়ন) বিনিময়ে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার একটি বিতর্কিত পরিকল্পনা করেছিলেন ফিফা প্রধান। তবে বিভিন্ন ফুটবল অ্যাসোসিয়েশনের তীব্র বিরোধিতার মুখে গত শুক্রবার এই পরিকল্পনা থেকে পিছু হটতে বাধ্য হয় ফিফা। এর পর থেকেই বিশ্ব ফুটবলের গভর্নিং বডিতে তীব্র প্রতিক্রিয়া ও অস্থিরতা তৈরি হয়।
এক বিবৃতিতে সার্বিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, গত মে মাসে ইনফান্তিনোকে সমর্থন দেওয়া হলেও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ফিফা এবং এর সভাপতির ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। ফলে তাঁর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।
এক জরুরি পরিচালনা পর্ষদ সভার পর সুইডিশ ফুটবল ফেডারেশন জানায়, ফিফার সুশাসনের অভাব, স্বচ্ছতাহীনতা এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে ইনফান্তিনোর ওপর তাদের আর কোনো আস্থা নেই।
অন্যদিকে ফুটবল অ্যাসোসিয়েশন অব ওয়েলস স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিশ্ব ফুটবলের সার্বিক কল্যাণের চেয়ে অন্য কোনো বিষয়কে অগ্রাধিকার দেওয়া তারা মেনে নিতে পারে না।
উল্লেখ্য, আঞ্চলিক ফুটবল সংস্থা উয়েফা এবং কনকাকাফ আগেই ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়েছিল। এছাড়া ‘নিউ ইয়র্ক পোস্ট’-এর বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোণঠাসা হয়ে পড়া ইনফান্তিনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চেয়েও তাঁর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন।
মতামত দিন