নির্বাচনী অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে কন্ট্রোল রুম স্থাপন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘গণভোট ২০২৬’ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠ প্রশাসনের সাথে সমন্বয় এবং অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ ‘কন্ট্রোল রুম’ স্থাপন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
সচিবালয়ের ১ নম্বর ভবনের ১৮০২ নম্বর কক্ষে এই কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে। মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য যাচাই এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরটি হচ্ছে +৮৮০২২২৬৬৪১১১৮।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই কন্ট্রোল রুম সক্রিয় থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই শিফটে কর্মকর্তাগণ দায়িত্ব পালন করবেন। পুরো কার্যক্রমের তদারকির জন্য প্রতিদিন একজন করে যুগ্মসচিবকে সমন্বয়কারীর দায়িত্ব দেয়া হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, প্রতিটি শিফটে একজন করে উপসচিব বা সিনিয়র সহকারী সচিবের নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা ও অফিস সহায়কগণ নিয়োজিত থাকবেন। কন্ট্রোল রুমে দায়িত্বরত কর্মকর্তারা মাঠ পর্যায়ের অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন (ইসি) ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন।
এই উদ্যোগের ফলে নির্বাচনের সময় মাঠ পর্যায়ের যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে