Views Bangladesh Logo

হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক: স্বাস্থ্য অধিদপ্তর

দেশজুড়ে হাম রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়তে থাকায় সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ নিয়ন্ত্রণ ও আক্রান্তদের কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে হাম ও সন্দেহজনক হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মঈনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড বা কেবিন চালু করতে হবে। সেখানে রোগীদের ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রাখতে হবে। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত রাউন্ড নিশ্চিত করতে হবে, যাতে রোগীরা দ্রুত ও মানসম্মত চিকিৎসা পান।

এ ছাড়া সংক্রমণ নিয়ন্ত্রণে রোগীর সঙ্গে একজনের বেশি অভিভাবক বা দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না বলেও জানানো হয়েছে। ভর্তি হওয়া রোগীদের সব তথ্য প্রতিদিন এমআইএস সার্ভারে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় হাসপাতালভিত্তিক সংক্রমণ ঠেকাতে আলাদা ওয়ার্ড ও আইসোলেশন ব্যবস্থা জোরদার করা সময়োপযোগী সিদ্ধান্ত। এতে রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিত হওয়ার পাশাপাশি অন্যান্য রোগীর মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিও কমবে।

বিশেষজ্ঞদের মতে, হাম প্রতিরোধে চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি টিকাদান কার্যক্রম জোরদার করাও জরুরি। শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা গেলে সংক্রমণ ও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ