Views Bangladesh Logo

‘পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় রায়ের বিরুদ্ধে আপিল করা হবে’

হাইকোর্টের দেওয়া সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশনার বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। বুধবার (৮ এপ্রিল) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে সরকারের পক্ষ থেকে আপিল করা হবে।

তিনি আরও জানান, এ বিষয়ে সরকারের অবস্থান পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে ৭ এপ্রিল হাইকোর্ট সুপ্রিম কোর্টের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।

রায়ে বলা হয়, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী বিচার বিভাগের জন্য একটি স্বাধীন ও পৃথক সচিবালয় আদেশের তারিখ থেকে তিন মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত ক্ষমতা সুপ্রিম কোর্টের অধীনে ন্যস্ত থাকবে বলে রায়ে উল্লেখ করা হয়।

রায়ের পর্যবেক্ষণে ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কাঠামো পুনর্বহাল করার কথা বলা হয়। এতে বলা হয়, বিচারকর্ম বিভাগে নিযুক্ত ব্যক্তিদের নিয়ন্ত্রণ, পদোন্নতি, বদলি, ছুটি মঞ্জুরি ও শৃঙ্খলাবিধান সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত থাকবে।

রায়ে আরও বলা হয়, ১৯৭৫ সালের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে ১১৬ অনুচ্ছেদে যে পরিবর্তন আনা হয়েছিল, তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই সেই সংশোধনীগুলো বাতিল হিসেবে গণ্য হবে।

এছাড়া ২০১৭ সালের জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালাও সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ঘোষণা করে হাইকোর্ট।

এর আগে ২০২৪ সালের ২৫ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেনসহ সাতজন আইনজীবী এ বিষয়ে রিট করেন। পরে প্রাথমিক শুনানি শেষে ২৭ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চায়— কেন ১১৬ অনুচ্ছেদ সংশোধন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হবে না।

রুলের শুনানি শেষে চলতি বছরের ৭ এপ্রিল চূড়ান্ত রায় ঘোষণা করা হয়। রায়ের পর আইন মন্ত্রণালয় এবং সুপ্রিম কোর্ট প্রশাসনের মধ্যে বিচার বিভাগীয় নিয়ন্ত্রণ কাঠামো নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়।

সরকার এখন রায়ের বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল, ফলে বিষয়টি আপিল বিভাগে গড়াতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ