Views Bangladesh Logo

ফরিদগঞ্জে বিএনপির তিন পক্ষের পৃথক কর্মসূচি, র‍্যালিতে স্ট্রোকে নেতার মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে একক কোনো আয়োজনে নয়, বরং উপজেলা বিএনপির বিভিন্ন পক্ষের পৃথক তিনটি কর্মসূচির মধ্য দিয়ে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা শহরে অনুষ্ঠিত এসব কর্মসূচির একটিতে র‍্যালিতে অংশ নেওয়ার সময় স্ট্রোক করে মারা যান বিএনপির এক নেতা।

উপজেলা পরিষদের সামনে বিআরডিবি মাঠে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয় সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজস্ববিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদের নেতৃত্বে। এতে অংশ নেন আবদুল খারেক পাটওয়ারী, মো. মহসীন মোল্লা, মাহফুজুর রহমান টিপু ও নাছির উদ্দিন পাটওয়ারীসহ বিএনপির নেতাকর্মীরা। এই র‍্যালিতে অংশ নেওয়ার সময়ই স্ট্রোক করেন ফরিদগঞ্জ উপজেলার ১৪ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম, পরে তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ।

অন্যদিকে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির আরেকটি অংশ ও বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্যের সমর্থিত একটি গ্রুপ পালন করে পৃথক কর্মসূচি। এতে অংশ নেন সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনূস, মোতাহার হোসেন পাটওয়ারী, চিকিৎসক আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান দুলাল ও সাবেক মেয়র মো. মঞ্জিল হোসেনসহ নেতাকর্মীরা।

এ ছাড়া একই এলাকায় বিএনপি নেতা ও যুবদলের সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় আরেকটি আলোচনা সভা, যেখানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মো. আমিন মিজি, কাঠ নাছিরসহ দলটির নেতাকর্মীরা।

তিনটি পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য উত্তেজনার আশঙ্কায় ফরিদগঞ্জ পৌর শহরে কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পরে পৃথকভাবে আয়োজিত র‍্যালিগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গিয়ে শেষ হয় বাসস্ট্যান্ড এলাকায়। কর্মসূচিগুলোতে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে বিএনপির শত শত নেতাকর্মী অংশ নেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ