ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা বগি: রেলমন্ত্রী
আন্তঃনগর ট্রেন সোনার বাংলা এবং জয়ন্তিকা এক্সপ্রেসে নারী যাত্রীদের জন্য আলাদা বগি সংরক্ষিত রাখা হয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেল এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আরও জানান, ঈদের পরেও নারীদের জন্য প্রতিটি আন্তঃনগর ট্রেনে এই সুবিধা রাখা হবে।
সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে ৬৫ বছর ও তদূর্ধ্ব বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী যাত্রীদের ভাড়ায় ২৫% ছাড় দেওয়ার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, ‘ঈদযাত্রার সময় নারী যাত্রীরা অতিরিক্ত ভিড়ের কারণে নানা সমস্যার মুখে পড়েন। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী রোববার গভীর রাতে ফোন করে আন্তনগর ট্রেনে নারীদের জন্য একটি কোচ সংরক্ষণের নির্দেশ দেন।’
তিনি আরও বলেন, ‘সরকার ঘোষণা দিয়েছিল যে ঈদুল-আজহার আগেই মেট্রোরেল ও বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনে প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য ভাড়ায় ২৫% ছাড় কার্যকর করা হবে। আজ সোমবার থেকে তা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।’
এ সময় শিক্ষার্থীদের জন্য ছাড় প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই সুবিধা চালুর পরিকল্পনা আমাদের রয়েছে। তবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র একীভূত ও যাচাইয়ের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। এ কারণে শিক্ষার্থীদের জন্য ছাড় কার্যকর করতে আরও কিছুটা সময় লাগবে। ঈদের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে