Views Bangladesh Logo

চার দিনের রিমান্ড শেষে কারাগারে সিনিয়র সচিব হেলাল উদ্দিন

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে স্থানীয় সরকার বিভাগের সাবেক সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

২০২২ সালের ৭ ডিসেম্বর নিহত মকবুল হত্যা মামলায় চারদিনের রিমান্ডে ছিলেন হেলাল উদ্দিন। মঙ্গলবার (২৯ অক্টোবর) রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটকে রাখার আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান।

তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান, রিমান্ডে তিনি হেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন । সেসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

অন্যদিকে আসামিপক্ষ তার জামিন এবং কারাগারে প্রথম শ্রেণীর ডিভিশনের আবেদন জানিয়ে বলেন, হেলাল উদ্দিনকে হয়রানির ষড়যন্ত্রে মামলায় জড়ানো হয়েছে।

উভয়পক্ষের শুনানি শেষে আসামিপক্ষের আবেদন নামঞ্জুর করে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. মাহবুবুল হকের আদালত।

তবে জেল কোড অনুসারে সাবেক এই সিনিয়র সচিবকে কারাগারে প্রথম শ্রেণীর ডিভিশন দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ