প্রবীণ সাংবাদিক আমির খসরু আর নেই
প্রবীণ সাংবাদিক আমির খসরু মারা গেছেন। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
আমির খসরুর ছেলে আসিফ নাঈম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, তাঁর বাবা গত কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সাংবাদিক আমির খসরু দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন। এ ছাড়া তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকায়ও কাজ করেছেন।
রোববার (১১ অক্টোবর) জোহরের নামাজের পর রাজধানীর বনানী বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাঁকে দাফন করা হবে।
আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং মহাসচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোহাম্মদ কাদের গণি চৌধুরী।
এ ছাড়া জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মতামত দিন