Views Bangladesh Logo

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার

নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। আওয়ামী লীগের এক নেতার বাড়িতে আয়োজিত ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগের পাশাপাশি দলটির নেতাকর্মীদের মিছিলের ঘটনায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর তাকে প্রত্যাহার করা হয়।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার। একই সঙ্গে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলনকে ভারপ্রাপ্ত কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন। ওই মিছিল ঠেকাতে বা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ওসি আবদুর রহিমের নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। এ ঘটনায় তার ভূমিকা নিয়ে পুলিশের ভেতরেও প্রশ্ন তৈরি হয়।

এর পাশাপাশি উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসির অংশ নেওয়ার অভিযোগ সামনে আসে। এ ঘটনার পরই তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে জেলা পুলিশ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পাওয়া পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন বলেন, শনিবার সন্ধ্যায় ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন।

এদিকে বটতলা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় শনিবার সেনবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, আওয়ামী লীগের এক নেতার বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওসি আবদুর রহিমকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ