Views Bangladesh Logo

রপ্তানি ১০০ কোটি ডলারে উন্নীত করতে চায় সেমিকন্ডাক্টর খাত

বাংলাদেশ সেমিকন্ডাক্টর শিল্প থেকে ২০৩০ সালের মধ্যে ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সংশ্লিষ্টরা। তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে উচ্চমূল্য সংযোজনকারী পণ্য উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বৈশ্বিক চিপ বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

এ উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইআর সামিট ২০২৬’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশ যৌথভাবে এ আয়োজন করছে। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ‘ইনোভেশন এক্সপো ২০২৬’-এরও উদ্বোধন করবেন তিনি।

সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এম. আনোয়ার হোসেন বলেন, সরকার বিজ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে গবেষণা, উদ্ভাবন, বাজারমুখী প্রযুক্তি উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, বিসিএসআইআর ও পরমাণু শক্তি কমিশনের আধুনিক গবেষণাগার উদ্যোক্তা ও গবেষকদের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং এবারের সম্মেলনের মাধ্যমে সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নে একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করা হবে।

সিলিকন রিভার বাংলাদেশের প্রধান স্থপতি ড. মুহাম্মদ মুস্তাফা হুসাইন জানান, এবারের সম্মেলনে বিশ্বের খ্যাতনামা বিশেষজ্ঞরা অংশ নেবেন এবং ইতোমধ্যে প্রায় তিন হাজার আগ্রহী নিবন্ধন করেছেন। তিনি আরও বলেন, ২০২৭ সালের জানুয়ারিতে বিশ্বের বৃহত্তম কনজ্যুমার ইলেকট্রনিক্স প্রদর্শনীতে (সিইএস) বাংলাদেশ প্রথমবারের মতো নিজস্ব প্যাভিলিয়ন নিয়ে অংশ নেবে।

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি এম. এ. জব্বার জানান, বর্তমানে দেশে ২০টির বেশি প্রতিষ্ঠানে প্রায় ১,২০০ প্রকৌশলী কাজ করছেন এবং এ খাত থেকে বছরে প্রায় ১ কোটি ডলার রপ্তানি হচ্ছে। সাম্প্রতিক রোডশোর কারণে চলতি বছর রপ্তানি দ্বিগুণ হওয়ার আশা করা হচ্ছে। তিনি বলেন, সেমিকন্ডাক্টর যন্ত্রপাতির ওপর সরকার শুল্ক কমিয়ে ১ শতাংশ করেছে, যা নতুন বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দুই দিনব্যাপী এ সম্মেলনে সাতটি কৌশলগত প্যানেল আলোচনা, গবেষকদের জন্য ‘ক্রেস্ট ফেলোস রিসার্চ সিম্পোজিয়াম’ এবং সমাপনী দিনে ‘বাংলাদেশ সেমিকন্ডাক্টর ট্যালেন্ট রোডম্যাপ ২০৩০’ ও ‘ব্রেইনগেইন ২.০’-সহ আটটি জাতীয় কৌশলগত দলিল প্রকাশ করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ