সেমিকন্ডাক্টর খাতে ৩৫০০ জনকে প্রশিক্ষণ দিতে বিএসআইএ–সিসিপ চুক্তি
বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে ৩ হাজার ৫০০ জন স্নাতককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) ও স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)–এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার ঢাকায় সিসিপ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সিসিপের এক্সিকিউটিভ প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ ওয়ালিদ হোসেন এবং বিএসআইএর সভাপতি এম এ জব্বার চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী, ইইই, ইসিই, সিএসই, অ্যাপ্লায়েড ফিজিক্সসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্পন্ন ৩,৫০০ জনকে ছয়টি বিশেষায়িত কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্সগুলো হলো—আইসি ডিজাইন ও লে-আউট ইঞ্জিনিয়ারিং, অ্যাডভান্সড ফিজিক্যাল ডিজাইন (আরটিএল টু জিডিএসটু), ডিএফটি অ্যান্ড ভেরিফিকেশন ফর এএসআইসি ডিজাইনারস, অ্যাপ্লায়েড সেমিকন্ডাক্টর সিস্টেমস, স্মার্ট সিস্টেমস ইঞ্জিনিয়ারিং এবং প্যাকেজিং অ্যান্ড টেস্টিং। প্রতিটি কোর্সের মেয়াদ হবে তিন মাস বা ২৪০ ঘণ্টা।
কর্মসূচিটির মোট ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ১৪ লাখ টাকা। ফেব্রুয়ারি ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৮ পর্যন্ত এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে বক্তব্যে মোহাম্মদ ওয়ালিদ হোসেন উচ্চমানের প্রশিক্ষণ নিশ্চিত, কার্যকর তদারকি এবং প্রশিক্ষণপ্রাপ্তদের অন্তত ৬৫ শতাংশের চাকরি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, শিল্পখাতের সঙ্গে সমন্বয় জোরদার করে এ উদ্যোগ বাংলাদেশের বিকাশমান সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল গড়ে তুলবে এবং বৈশ্বিক বাজারেও প্রতিযোগিতার সক্ষমতা তৈরি করবে।
বিএসআইএর সভাপতি এম এ জব্বার বলেন, এই চুক্তি দেশের সেমিকন্ডাক্টর খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি উন্নত ইলেকট্রনিক্স ও সেবাখাতে প্রয়োজনীয় মানবসম্পদ গড়ে তুলতে সহায়ক হবে এবং বৈশ্বিক ভ্যালু চেইনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করবে।
উল্লেখ্য, সিসিপ কর্মসূচিটি অর্থ মন্ত্রণালয়–এর অর্থ বিভাগের অধীনে বাস্তবায়িত হচ্ছে। এটি বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক–এর আর্থিক সহায়তায় পরিচালিত হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে