Views Bangladesh Logo

নারায়ণগঞ্জে জামিন পাননি সেলিনা হায়াৎ আইভী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টেরিয়র মিস্ত্রী সেলিম মণ্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তারের আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

এ সময় আইভীর পক্ষে তার আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে একটি ভবনে আগুন লাগানোর ঘটনা ঘটে।

এতে আগুনে পুড়ে ডাচ্-বাংলা ব্যাংকের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত মিস্ত্রী সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক মারা যান। এ ঘটনায় গত বছরের ৩০ জুন ওয়াজেদ আলী নামের এক কৃষক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে আইভীর সম্পৃক্ততার অভিযোগ তুলে ২৬ ফেব্রুয়ারি আদালতের মাধ্যমে তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায় পুলিশ।

এর আগে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা মোট ১১টি মামলায় আইভীকে আসামি করা হয়। এর মধ্যে ১০টি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। তবে পাঁচটি মামলায় রাষ্ট্রপক্ষ আপিল করলে বিষয়গুলো বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, দীর্ঘ শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আমরা উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করব।

উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইনশৃঙ্খলা বাহিনী আইভীকে গ্রেপ্তার করে। এরপর থেকে কাশিমপুর কারাগারে রয়েছেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ