Views Bangladesh Logo

সেলেনা গোমেজের স্টার্টআপের বিরুদ্ধে প্রতারণার মামলা

মার্কিন পপতারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের স্বাস্থ্যবিষয়ক স্টার্টআপ ‘ওয়ান্ডার মাইন্ড’ আইনি জটিলতায় পড়েছে। প্রতিষ্ঠানটির কয়েকজন বিনিয়োগকারী সেলেনা, তার মা ও প্রতিষ্ঠানটির সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যান্ডি টিফি এবং সাবেক ব্যবসায়িক অংশীদার ড্যানিয়েল পিয়ারসনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) যুক্তরাষ্ট্রে দায়ের করা মামলায় বিনিয়োগকারীরা অভিযোগ করেন, সেলেনার তারকাখ্যাতি এবং বিপুলসংখ্যক সামাজিক যোগাযোগমাধ্যম অনুসারীর প্রভাবকে কাজে লাগিয়ে স্টার্টআপটির ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে তাদের বিভ্রান্ত করা হয়েছে। তাদের দাবি, ওই আস্থার ভিত্তিতেই তারা প্রতিষ্ঠানটিতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেন।

২০২১ সালে যাত্রা শুরু করে ‘ওয়ান্ডার মাইন্ড’। মানুষের মানসিক সুস্থতার যত্ন নেওয়ার সহজ ও কার্যকর উপায় তৈরি করাই ছিল প্রতিষ্ঠানটির ঘোষিত লক্ষ্য। সেলেনা গোমেজ এতে সহ-প্রতিষ্ঠাতা হিসেবে যুক্ত হওয়ার পাশাপাশি চিফ ইমপ্যাক্ট অফিসার ও চিফ মার্কেটিং অফিসারের দায়িত্বে ছিলেন।

মামলায় থাকা পাঁচ বিনিয়োগকারীর দাবি, তারা সম্মিলিতভাবে প্রায় ১২ লাখ ডলার প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেছেন। তাদের অভিযোগ, কোম্পানিটি আর্থিক ও সাংগঠনিক সমস্যার মধ্যে পড়লেও বিনিয়োগকারীদের কাছে প্রকৃত পরিস্থিতি যথাযথভাবে তুলে ধরা হয়নি।

মামলার নথিতে আরও দাবি করা হয়েছে, ২০২২ সালে প্রতিষ্ঠানটির মূলধনের পরিমাণ ৯ কোটি ৫০ লাখ ডলার বলে বিনিয়োগকারীদের জানানো হয়েছিল। একই সঙ্গে বড় করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব, বিজ্ঞাপন চুক্তি এবং নতুন অ্যাপ চালুর মতো বিভিন্ন পরিকল্পনার কথাও তাদের সামনে তুলে ধরা হয়। তবে বিনিয়োগকারীদের অভিযোগ, এসব প্রতিশ্রুতির বেশিরভাগই বাস্তবে রূপ নেয়নি।

এদিকে সাবেক ব্যবসায়িক অংশীদার ড্যানিয়েল পিয়ারসনের বিরুদ্ধেও বিনিয়োগকারীদের অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। মামলায় দাবি করা হয়েছে, নিউইয়র্কে পিয়ারসনের বাসার ভাড়া পরিশোধের জন্য প্রতি মাসে প্রায় ৬০ হাজার ডলার পর্যন্ত বিনিয়োগকারীদের অর্থ ব্যয় করা হয়েছে। অভিযোগকারীরা বিনিয়োগ করা অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ ও আইনি ব্যয় বহনের দাবি জানিয়েছেন। তবে মামলায় উত্থাপিত অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি এবং সেলেনা গোমেজসহ অন্য অভিযুক্তদের দায়ও আদালতের রায়ে প্রতিষ্ঠিত হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ