‘আবার দেখা হবে’, আবেগঘন বিদায়ী বার্তায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা তার চার বছরের সফল কার্যকাল শেষে বাংলাদেশ ছেড়েছেন। পরবর্তী কর্মস্থল বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিতে যাওয়ার আগে তিনি এক আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন। বার্তায় তিনি বাংলাদেশ ও এদেশের মানুষের প্রতি গভীর ভালোবাসা এবং নানা স্মৃতির কথা তুলে ধরেন।
বিদায়লগ্নে আবারও দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করে প্রণয় ভার্মা বলেন, ‘প্রায় চার বছর ঢাকায় অবস্থানকালে আমি একাধিক পরিবর্তনের সাক্ষী হয়েছি। দায়িত্ব পালন অনেক সময় বন্ধুর ও চ্যালেঞ্জিং মনে হলেও সামগ্রিক অভিজ্ঞতাটি ছিল অত্যন্ত সমৃদ্ধ ও ফলপ্রসূ।’
তিনি তার স্ত্রী মনুর সঙ্গে বাংলাদেশে কাটানো সময়টিকে তাদের জীবনের অন্যতম সেরা ও প্রিয় অধ্যায় হিসেবে অভিহিত করেন। হাইকমিশনার বলেন, ‘সাংস্কৃতিক ঘনিষ্ঠতা ও গভীর সহমর্মিতা দুই দেশের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে দুই দেশের বীরদের সম্মিলিত আত্মত্যাগ আজীবন স্মরণীয়।’ আবেগের বন্ধনে আবদ্ধ এই দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক কল্যাণ ও শ্রদ্ধার ওপর ভিত্তি করে আরও মজবুত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনসহ আঞ্চলিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় উভয় দেশের অংশীদারিত্বের পরিধি আরও বাড়ানো প্রয়োজন। ভবিষ্যতের নতুন নতুন কর্মসূচি দুই দেশের সক্ষমতা ও লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে বলে আমি আশা করি।’
বাংলাদেশের প্রায় সব স্তরে তার অসংখ্য সুহৃদ বন্ধু রয়েছেন, যারা তার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছেন উল্লেখ করে বিদায় বার্তার শেষে প্রণয় ভার্মা বলেন, ‘তাদের সঙ্গে সবসময় যোগাযোগ বজায় রাখার প্রত্যাশা করছি। আমরা আশা করি, আমাদের পথ আবার কখনো, কোনো এক সময়, কোনো এক স্থানে মিলিত হবে! সেই পর্যন্ত, আমি শুধু এটাই বলতে চাই—আবার দেখা হবে!’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে