Views Bangladesh Logo

রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাংগীর আলম ৪ দিনের রিমান্ডে

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় চার দিনের রিমান্ডে নিয়েছেন আদালত।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন। পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত চার দিনের আবেদন মঞ্জুর করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফিজুল হক ভুঁইয়া জানান, জিজ্ঞাসাবাদের জন্য জাহাংগীর আলমকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্যও পুলিশকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

রোববার দুপুরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী সাংবাদিকদের জানান, জাহাংগীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই পুলিশ কর্মকর্তার ব্যবহৃত দুটি মুঠোফোনে এ-সংক্রান্ত দুটি বার্তা পাওয়া গেছে। একটি বার্তায় ডিসেম্বরে আগের অবস্থায় ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। অন্যটিতে ডিসেম্বরে ‘জানবাজি রেখে’ সবাইকে মাঠে নামার আহ্বান জানানো হয়েছে। এসব বার্তার ভিত্তিতেই মামলা করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে গত ১০ নভেম্বর থেকে জাহাংগীর আলমকে নজরদারিতে রাখা হয়। এ সময় তাঁর সরকারি ও ব্যক্তিগত মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে শনিবার রাতে নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করা হয়।

তাঁর সঙ্গে কতজনের যোগাযোগ ছিল, সে বিষয়ে জানতে চাইলে ডিআইজি বলেন, বিষয়টি তদন্তাধীন। এ পর্যায়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তবে পুলিশের অন্য কোনো সদস্য এ ঘটনায় জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

জাহাংগীর আলমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডিআইজি জানান, প্রাথমিক তদন্তের প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। প্রচলিত বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রাষ্ট্রদ্রোহ মামলার তদন্তও চলবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ