ঈদ ঘিরে রাজধানী ও মহাসড়কে নিরাপত্তা জোরদার, ১১ দিনে গ্রেপ্তার ৫৬৮
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ও মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পেশাদার ডাকাত ও ছিনতাইকারী চক্র চিহ্নিত করে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান (ডিবি) অতিরিক্ত কমিশনার ডিআইজি মো. শফিকুল ইসলাম।
মঙ্গলবার (১২ মে) রাজধানীতে পাঁচ ডাকাত ও তিন ছিনতাইকারীকে গ্রেপ্তারের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ডিবিপ্রধান বলেন, চলতি মাসের প্রথম ১১ দিনের বিশেষ অভিযানে তালিকাভুক্ত ১৫৪ জন চাঁদাবাজ, ২৬১ জন ছিনতাইকারীসহ মোট ৫৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ জানায়, ঈদকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশপথ, মহাসড়ক এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি আন্তঃজেলা অপরাধী চক্রের গতিবিধিও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের তথ্যও তুলে ধরা হয়। ডিবির দাবি, তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র, গুলি, গানপাউডার, হাতবোমা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
এ সময় ডিবিপ্রধান শফিকুল ইসলাম বলেন, আলোচিত টিটন হত্যা মামলার আসামিরাও গোয়েন্দা নজরদারিতে রয়েছে এবং তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে