Views Bangladesh Logo

প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে নিরাপত্তা জোরদার

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় দুটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘বাড়তি সতর্কতা’ হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টা থেকে পত্রিকা দুটির ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ডিএমপির তেজগাঁও জোনের সহকারী কমিশনার মোহাম্মদ আক্কাছ আলী জানান, শাহবাগ ও বাংলামোটর এলাকায় সংঘর্ষের প্রেক্ষাপটে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, শাহবাগ ও বাংলামোটর এলাকায় সংঘর্ষের জেরে সতর্কতার অংশ হিসেবে এখানে পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে অবস্থান করছেন।

পত্রিকা দুটিতে আবারও হামলার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঠিক এমন কোনো তথ্য নেই। তবে শাহবাগের দিকে ঝামেলা হচ্ছে, যদি তা এই দিকে ছড়িয়ে পড়ে—সেই আশঙ্কায় আমরা অবস্থান নিয়েছি।

এদিকে ডেইলি স্টারের একজন সংবাদকর্মী জানান, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পুলিশের পক্ষ থেকে তাদের কর্মীদের আপাতত ‘হোম অফিস’ করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৮ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের তৎকালীন আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে নজিরবিহীন হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ওই ঘটনায় দায়ের করা মামলায় অজ্ঞাতনামা কয়েকশ জনকে আসামি করা হয় এবং পরবর্তী ধারাবাহিক অভিযানে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছিল। সেই তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষাপটেই এবার আগাম সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে গত বৃহস্পতিবার থেকেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। শুক্রবার বিকালে সেখান থেকে পদযাত্রা শুরু করলে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে শাহবাগ থেকে বাংলামোটর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিলে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা পিছু হটে শাহবাগ মোড়ে অবস্থান নেন। পুরো এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নেয় পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ