দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব বিমানবন্দরকে সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি প্রবেশপথে তল্লাশি, যানবাহন পরীক্ষা এবং সার্বক্ষণিক নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বুধবার (১৮ নভেম্বর) এই নির্দেশনা দেওয়া হয়েছে। বেবিচকের নির্দেশনার আওতায় বিমানবন্দরের প্রবেশ ও বের হওয়ার পথ, আশপাশের সড়ক এবং ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বাড়ানো হচ্ছে। বিমানবন্দরে ঢোকা সব ধরনের যানবাহনে তল্লাশি জোরদারের পাশাপাশি নিরাপত্তাকর্মীদের টহলও বাড়ানো হয়েছে। রাতে ফ্লাইট চলাচল বন্ধ থাকে, এমন বিমানবন্দরেও নিরাপত্তা পর্যবেক্ষণ অব্যাহত রাখার কথা বলা হয়েছে।
বেবিচকের নিরাপত্তা বিভাগের সদস্য এয়ার কমোডর মো. আসিফ ইকবাল জানিয়েছেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব বিমানবন্দরকে সতর্ক থাকতে বলা হয়েছে। তবে কোনো বিমানবন্দরে হামলার বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই এবং রেড অ্যালার্টও জারি করা হয়নি। নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান ব্যবস্থাগুলো যথাযথভাবে কার্যকর রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের নিরাপত্তা নিয়ে বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে। বিমানবন্দরের পাশের ফ্লাইওভার ও সড়কগুলোতে পুলিশের অবস্থান নিশ্চিত করা এবং টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিমানবন্দরসংলগ্ন এলাকায় চেকপোস্ট ও যানবাহনে তল্লাশি জোরদার করা হচ্ছে।
এদিকে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকাকে আরও কার্যকর নজরদারির আওতায় আনতে এআই প্রযুক্তির ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করছে বেবিচক। এ বিষয়ে বুধবার পুলিশের সঙ্গে সংস্থাটির বৈঠক হয়েছে। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা ব্যবস্থার আওতায় বিমানবন্দর এলাকাকে যুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ল্যান্ডসাইডের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও সেখানে নিজস্ব ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, ক্যামেরার আওতা বাড়ানো গেলে বিমানবন্দরের বাইরের সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্ত করা এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সহজ হবে।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে বিমানবন্দরসংলগ্ন এলাকাতেও বিস্ফোরণের ঘটনা নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
মতামত দিন