Views Bangladesh Logo

কনসার্ট বাতিল মানেই সরকার সহযোগিতা করল না, তা নয়: তথ্যমন্ত্রী

কোনো কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল হলেই সরকার সহযোগিতা করেনি—এমনটা মনে করার কারণ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, কোনো অনুষ্ঠান বাতিলের পেছনে নিরাপত্তাজনিত কারণ থাকতে পারে। সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার কোনো মানসিকতা সরকারের নেই।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

কোথাও কোথাও কনসার্ট বন্ধ হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে আন্দালিভ রহমান পার্থ বলেন, কনসার্ট বাতিল মানেই সরকার সহযোগিতা করল না, তা নয়। হয়তো নিরাপত্তা ইস্যু ছিল। বাংলাদেশে অনেক কনসার্ট হচ্ছে। বড় বড় কনসার্ট হচ্ছে।

তিনি বলেন, আমাদের তরফ থেকে এ ধরনের মানসিকতা নেই যে কালচারাল কোনো ব্যাপারে বাধাবিঘ্ন হয়, এমন কিছু। এ ধরনের চিন্তা শেয়ার করি না।

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমানও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় এখন উন্নতি হয়েছে।

জাহেদ উর রহমান বলেন, আমরা একমত সবাই, অন্তর্বর্তী সরকারের সময় এ ধরনের ঘটনা যত ঘটেছে, তার তুলনায় কিছুই হচ্ছে না এখন। আমি যদি তুলনা করি, ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ যে জায়গায় চলে গিয়েছিল, এ সরকারের সময় সিগনিফিকেন্টলি বললে কম বলা হবে, ড্রামাটিক্যালি ডেভেলপমেন্ট হয়েছে।

তার ভাষায়, ‘দু-একটা ঘটনা যে ঘটছে না, তা নয়।’

সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন সাম্প্রতিক উদ্যোগ ও কর্মকাণ্ড তুলে ধরেন উপদেষ্টা। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী ও উপদেষ্টা।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ