Views Bangladesh Logo

দূতাবাসে হুমকির খবরে গুলশান-বারিধারায় নিরাপত্তা জোরদার

ঢাকায় অবস্থিত কয়েকটি বিদেশি দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকির খবর পাওয়ার পর রাজধানীর গুলশান ও বারিধারার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার আবু খায়ের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চীন ও রাশিয়ার দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে এগুলোকে ‘ভুয়া’ ও ‘প্রতারণামূলক’ বার্তা বলে ধারণা করা হচ্ছে।

আবু খায়ের বলেন, বিদেশি দূতাবাসগুলো নিয়ম অনুযায়ী বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দপ্তর এবং ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে বিষয়টি জানানো হয়। এরপর কূটনৈতিক এলাকাগুলোতে নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নজরদারি আরও বাড়ানো হয়েছে।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, দূতাবাসগুলোর পক্ষ থেকে পুলিশকে সরাসরি আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিষয়টি জানার পর বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রাথমিকভাবে বড় ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছে না আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় এখন পর্যন্ত সংশ্লিষ্ট থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ করা হয়নি বলেও জানান তিনি।

এর আগে হুমকির বিষয়টি জানার পর সিটিটিসির কর্মকর্তারা সংশ্লিষ্ট দূতাবাসগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সিটিটিসির এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার দূতাবাসগুলোর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। ই-মেইলে পাঠানো বার্তা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলে তাদের জানানো হয়েছে।

সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হক বলেন, ঘটনা জানার পর তাদের কর্মকর্তারা সংশ্লিষ্ট দূতাবাসগুলো পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

পুলিশের সূত্রগুলো বলছে, গত সপ্তাহের শেষ দিকে বাংলাদেশে অবস্থিত একাধিক বিদেশি দূতাবাসে একই ধরনের ই-মেইল পাঠিয়ে হুমকি দেওয়া হয়। আতঙ্ক সৃষ্টি বা হয়রানির উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী এসব বার্তা পাঠিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে হুমকির ই-মেইলগুলোর উৎস এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, হুমকির ঘটনায় তার থানায় কোনো দূতাবাসের পক্ষ থেকে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ