কাকরাইল মসজিদ এলাকায় নিরাপত্তা জোরদার
টঙ্গীর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে কাকরাইল মসজিদ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পুলিশ ও র্যাব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
বুধবার (১৮ ডিসেম্বর) রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক বলেন, ‘কাকরাইল মসজিদ এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।’
র্যাব-৩ এর সহকারী পরিচালক মোহাম্মদ ফয়জুল ইসলাম জানান, তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের পর কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় র্যাব-৩ এর নিরাপত্তা বাড়ানো হয়েছে।
এর আগে, সংঘর্ষের জেরে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোর ৩টার দিকে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠের দখল নিয়ে জুবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত ও শতাধিক আহত হন।
সংঘর্ষের ঘটনায় বুধবার সকালে টঙ্গীতে তাবলিগ জামাতের দুই পক্ষের উত্তেজনা মোকাবিলায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে