সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ আর নেই
মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ বীর উত্তম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
মরহুমের পরিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২৬ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে সিএমএইচ’র অফিসার্স ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কে এম সফিউল্লাহর মৃত্যু হয়। বাদ জোহর নারায়ণগঞ্জের রূপগঞ্জ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা এবং বাদ আসর সেনাবাহিনীর কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
আরও জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন কে এম সফিউল্লাহ। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েডে জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়াসহ নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি।
১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্ম নেয়া কে এম সফিউল্লাহ ১৯৭১ সালে জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান ছিলেন। তার নেতৃত্বেই ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে।
মুক্তিযুদ্ধের শুরুতে কে এম সফিউল্লাহ ছিলেন ৩ নম্বর সেক্টরের কমান্ডার। পরে তিনটি নিয়মিত আর্মি ব্রিগেড (ফোর্স নামে পরিচিত) গঠিত হলে ‘এস’ ফোর্সের নেতৃত্বে আসেন তিনি। এ ছাড়াও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য পান ‘বীর উত্তম’ খেতাব।
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন সফিউল্লাহ। পরে মালয়েশিয়া, কানাডা, সুইডেন, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তিনি। ১৯৯১ সালে দেশে ফিরে এলে তাকে এক বছর ওএসডি করে রাখা হয়। পরের বছর তিনি স্বেচ্ছায় অবসরে যান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে