Views Bangladesh Logo

সুনামগঞ্জে হাওরের বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জ সদর উপজেলার ডাকুয়ার হাওরে বাঁধ কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৪ এপ্রিল) সকালে বাঁধ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জিত কুমারের উপস্থিতিতে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিষয়টি সমাধানের জন্য একটি কমিটি গঠন করা হয়।

তবে বৈঠক চলাকালেই অভিযোগ ওঠে, নোয়াগাঁও, গোরেরগাঁও, কান্দাগাঁও ও উলুতুলু গ্রামের কয়েক শতাধিক সশস্ত্র লোকজন মছব্বির মেম্বারের নির্দেশে জোরপূর্বক বাঁধ কেটে দেন। এতে হাওর প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বাঁধ কাটতে বাধা দিতে গেলে মোহনপুর গ্রামের কৃষকদের ওপর হামলা চালানো হয়। এতে আলী, আফিজ, সুকুর আলী, আজিজুল ও জাহাঙ্গীরসহ অন্তত ২০ জন আহত হন।

সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, প্রশাসনের সিদ্ধান্তের আগেই একটি পক্ষ আইন অমান্য করে বাঁধ কেটে দিয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জিত কুমার বলেন, প্রশাসনের নির্দেশনা অমান্য করে যারা বাঁধ কেটেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এদিকে স্থানীয় ইউপি সদস্য নূরুল আমিন অভিযোগ করেন, তাদের গ্রামের মানুষ বাঁধ রক্ষায় এগিয়ে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ