হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (২৯ জুলাই) সকাল থেকে এ আদেশ কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক। তিনি জানান, একই সময়ে দুই রাজনৈতিক পক্ষের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় জননিরাপত্তার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, হবিগঞ্জে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও পথসভা আয়োজনের কর্মসূচি দেয় এনসিপি। অন্যদিকে একই সময়ে সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। এতে উভয় পক্ষের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতির সম্ভাবনা তৈরি হওয়ায় সংঘর্ষের ঝুঁকি বিবেচনায় প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।
আদেশে আদেশে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার বিধান অনুযায়ী, হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, বিক্ষোভ, স্লোগান, পিকেটিং, মাইকিং, উচ্চ শব্দ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই এই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির পদযাত্রা ও গাড়িবহরে হামলার অভিযোগকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই ঘটনায় এনসিপির কয়েকজন শীর্ষ নেতা ও কর্মী আহত হওয়ার অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে বুধবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় দলটি। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জে নতুন কর্মসূচি এবং পাল্টা কর্মসূচির ঘোষণা আসে, যা প্রশাসনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।
মতামত দিন