Views Bangladesh Logo

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের যমুনা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার বর্তমান বাসভবন ‘যমুনা’র নিরাপত্তা নিশ্চিত করতে কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সরকারি কর্মচারীদের চলমান আন্দোলনের কারণে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনরত সরকারি কর্মচারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের স্থাপিত ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন। এ সময় শত শত আন্দোলনকারী সেখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে উদ্ভূত এই পরিস্থিতি সামাল দিতেই সরকার অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বিজিবি মোতায়েন করে।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও তা বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। তাদের মতে, বর্তমান বাজার পরিস্থিতিতে পুরোনো বেতন কাঠামো দিয়ে জীবনযাপন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের মধ্যেই যদি নতুন বেতন স্কেলের গেজেট প্রকাশ না করা হয়, তাহলে তারা আন্দোলন থেকে একচুলও সরে যাবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

এদিকে শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও মিন্টো রোড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন থাকায় পুরো এলাকা কঠোর নিরাপত্তা বেষ্টনীতে রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের শান্ত থাকার এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে। তবে আন্দোলনকারীরা তাদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ