Views Bangladesh Logo

বেরোবিতে ১৪৪ ধারা জারি, বহিরাগত ও যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি এবং সাম্প্রতিক সংঘর্ষের পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই সঙ্গে বহিরাগত ব্যক্তি এবং সব ধরনের যানবাহনের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত) ও প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চলবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে।

প্রক্টর অফিস থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিথি ও দর্শনার্থীদের পাশাপাশি বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন আপাতত ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য, ক্যাম্পাসে যাতে নতুন করে কোনো উত্তেজনা সৃষ্টি না হয় এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারেন, সে লক্ষ্যেই সাময়িক এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছেন প্রক্টর।

এর আগে সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক একটি প্রদর্শনীতে টানানো ব্যানারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।

সংঘর্ষের পর মঙ্গলবার দুই সংগঠনের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। ছাত্রশিবির রংপুর মহানগর শাখা লালবাগ চত্বর থেকে আবু সাঈদ চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। অন্যদিকে রংপুর মহানগর ছাত্রদল আবু সাঈদ চত্বর পার্ক মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা এবং সম্ভাব্য সংঘাত এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ