বিএনপির দুই পক্ষের উত্তেজনা, সুনামগঞ্জে ১৪৪ ধারা জারি
সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দিরাই থানা পয়েন্ট ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিরাই থানা পয়েন্ট, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার, দিরাই বাজার ও কলেজ রোড এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) দিরাই থানা পয়েন্টে উপজেলা বিএনপির উদ্যোগে একটি দলীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী ও তাঁর কর্মী-সমর্থকেরা অংশ নেন।
এর পাল্টা কর্মসূচি হিসেবে একই স্থানে সমাবেশের ডাক দেন দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুকসহ দিরাই পৌর বিএনপির এক যুগ্ম আহ্বায়ক। শনিবার সকাল থেকে দুই পক্ষের মিছিল ও পাল্টা মিছিল শুরু হলে এলাকায় উত্তেজনা দেখা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার ১৪৪ ধারা জারি করেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইউএনও সনজীব সরকার বলেন, দিরাইয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মতামত দিন