পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ভুখা মিছিল, যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবার সকালে সরকারি কর্মচারীরা থালা-বাটি হাতে ‘ভুখা মিছিল’ নিয়ে যমুনার সামনে অবস্থান নেন। তারা প্রায় ১০ মিনিট সেখানে বসে কর্মসূচি পালন করেন। পরে পুলিশ তাদের সরে যেতে নির্দেশ দেয়। একপর্যায়ে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের মুখে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।
তবে কিছু সময় পর আন্দোলনকারীরা আবারও জড়ো হয়ে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে দফায় দফায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টার পর থেকে যমুনামুখী সড়কে থেমে থেমে এ সংঘর্ষ চলতে থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সেখানেই তিনি যমুনা ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেন।
এদিকে প্রধান উপদেষ্টার বাসভবনের নিরাপত্তা জোরদার করতে রাজধানীর কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো এলাকা কঠোর নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানানো হলেও তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে