‘গোপনে ছবি ধারণ’, হবিগঞ্জে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের বানিয়াচংয়ে নারীদের গোসলের গোপন ছবি ধারণের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী, পুরুষ ও শিশুসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বানিয়াচং থানার ওসি মো. নাজমুল হক।
স্থানীয়দের বরাতে জানা যায়, সম্প্রতি কাটখাল গ্রামের একটি পুকুরে পুকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী লুৎফুর রহমানের পক্ষের কয়েকজন নারী গোসল করছিলেন। এ সময় স্থানীয় এরাজত মিয়ার দুই ছেলে ওই নারীদের গোপনে মোবাইল ফোনে ছবি ধারণ করেন বলে অভিযোগ ওঠে।
বিষয়টি জানাজানি হলে কাজী লুৎফুর রহমান ও এরাজত মিয়ার পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
স্থানীয়রা জানান, প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই পক্ষের নারী, পুরুষ ও শিশুসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ওসি নাজমুল হক বলেন, খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মতামত দিন