কর্মবিরতি প্রত্যাহার, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সচিবালয় কর্মচারীদের
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এক ঘণ্টার কর্মবিরতি থেকে সাময়িক বিরত থাকলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সচিবালয়ের কর্মচারীরা। তারা জানিয়েছেন, আন্দোলন স্থগিত নয়, বরং কর্মসূচির ধরন সাময়িকভাবে বদলানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সচিবালয়ে এক ঘণ্টার কর্মবিরতি শেষে নতুন কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরাম।
সংবাদ সম্মেলনে ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, আলোচনা চলতেই পারে, তবে আমাদের টাইমফ্রেম থাকতে হবে। ঈদের আগে হাতে চারদিন সময় আছে। প্রধান উপদেষ্টা শনিবার দেশে ফিরছেন—আমরা আশা করছি, রবিবার আশাব্যঞ্জক কোনো সিদ্ধান্ত আসবে।
তিনি বলেন, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিল করতে পারলে পরে অভিন্ন নীতিমালাও বাস্তবায়ন সহজ হবে। মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্টরা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে একটি ইতিবাচক ফলাফল দেবেন, এই প্রত্যাশা করছি।
ফোরামের পক্ষ থেকে জানানো হয়, রোববার উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মুহাম্মদ ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে স্মারকলিপি দেয়া হবে। সোমবার দেওয়া হবে উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মন্ত্রিপরিষদ সচিবের কাছে।
ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বলেন, রোববার ইতিবাচক বার্তা পেলে আন্দোলন প্রত্যাহার করে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করব।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সচিবালয়ে এক ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়। এ সময় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা কাজ থেকে বিরত ছিলেন। একইসঙ্গে বিভাগীয় সদর দপ্তর, ডিসি ও ইউএনও কার্যালয়েও কর্মসূচি পালিত হয়।
প্রসঙ্গত, গত ২৫ মে সন্ধ্যায় জারি হওয়া ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এ বলা হয়, চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অপরাধে বিভাগীয় মামলা ছাড়াই কেবল কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। এই বিধান বাতিলের দাবিতেই চলমান আন্দোলন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে