Views Bangladesh Logo

প্রথম স্ত্রীকে বিদেশে নেওয়ায় ক্ষুব্ধ দ্বিতীয় স্ত্রী, ভেকু দিয়ে গুঁড়িয়ে দিলেন স্বামীর বাড়ি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির বসতবাড়ি এক্সকাভেটর (ভেকু) দিয়ে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে।

রোববার (২ আগস্ট) সকালে উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, খেজুরতলা গ্রামের মৃত রমজান আলীর ছেলে রফিউদ্দিন প্রথমে একই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ছনিয়াকে বিয়ে করেছিলেন। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়। এরপর তিনি একই গ্রামের মুকুল হোসেনের মেয়ে রিমাকে বিয়ে করেন।

অভিযোগ রয়েছে, দ্বিতীয় বিয়ের পর রফিউদ্দিন গোপনে আবার প্রথম স্ত্রী ছনিয়াকে বিয়ে করেন এবং তাকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ায় চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

স্থানীয় সূত্রের অভিযোগ, সেই বিরোধের জের ধরেই রোববার সকালে দ্বিতীয় স্ত্রীর পরিবারের লোকজন একটি এক্সকাভেটর এনে রফিউদ্দিনের বসতবাড়ির দেয়াল, কক্ষসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেন। ভাঙচুরের সময় আশপাশের বহু মানুষ ঘটনাস্থলে জড়ো হন। পরে পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিদেশে অবস্থানরত রফিউদ্দিন দাবি করেছেন, পরিকল্পিতভাবে তার বাড়ি ধ্বংস করে কয়েক লাখ টাকার ক্ষতি করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মুকুল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হলেও এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ