আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব
আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, কল্যাণ কামনা করা হয়েছে।
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে রবিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৭ মিনিটে শুরু হয় ইজতেমার এ পর্বের আখেরি মোনাজাত। ১১টা ৪৩ মিনিটে তা শেষ হয়। এই ২৬ মিনিটের মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্রে পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। এ ছাড়াও সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়।
এ পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
এর আগে শনিবার ইজতেমার ময়দানে সমবেত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে ইমান, আমল ও দ্বীনের দাওয়াতে তাবলিগের ওপর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন ইজতেমার শীর্ষ মুরুব্বিরা।
উল্লেখ্য, তাবলিগ জামাতের বিরোধের কারণে গত কয়েক বছর ধরে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এবারও আম বয়ানের মধ্য দিয়ে গত ১ ফেব্রুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আর ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষ হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে