বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার
আগামীকাল শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা এরই মধ্যে ইজতেমা ময়দান বুঝে পেয়েছেন। এজন্য ইজতেমা ময়দান পরিষ্কারের কাজ চলছে জোরেশোরে। ইজতেমা উপলক্ষে এবারও ইজতেমা ময়দানের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
এদিকে এবারের ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভির অংশগ্রহণ এখনও নিশ্চিত না হলেও বুধবার সন্ধ্যায় ইজতেমা ময়দানে পৌঁছান তার তিন ছেলে। তাঁরা হলেন-মাওলানা ইউসুফ কান্ধলভি, মাওলানা সাঈদ কান্ধলভি ও মাওলানা ইলিয়াস কান্ধলভি। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
এরইমধ্যে এ উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে ইজতেমা ময়দানে জড়ো হতে শুরু করেছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা। এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে থেকে দুই হাজারের বেশি মুসল্লি ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন বলে জানিয়েছেন ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম।
ইজতেমার আয়োজকরা জানিয়েছেন, আগামীকাল শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই শুরু হবে বয়ান। আগামী রবিবার আখেরি মোনাজাতে কয়েক লাখ মুসল্লি অংশ নেবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে