সেবা প্রকাশনীর সব কার্যক্রম স্থগিত
অভ্যন্তরীণ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে সেবা প্রকাশনী। বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্তের কথা জানায়।
প্রকাশনীর অন্যতম অংশীদার কাজী শাহনূর হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রতিষ্ঠানের ভেতরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়েছে। নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অডিট কার্যক্রম সম্পন্ন করার স্বার্থেই সব কার্যক্রম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেবা প্রকাশনী দেশের অন্যতম জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান। লেখক ও প্রকাশক কাজী আনোয়ার হোসেন ১৯৬৩ সালের মে মাসে ঢাকায় এটি প্রতিষ্ঠা করেন। অ্যাডভেঞ্চার, থ্রিলার, গোয়েন্দা কাহিনী ও অনুবাদ সাহিত্যের জন্য দশকের পর দশক ধরে পাঠকমহলে বিশেষ জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি। এমন একটি প্রিয় প্রকাশনার হঠাৎ কার্যক্রম স্থগিতের খবরে পাঠক ও সাহিত্যপ্রেমীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে