ইশরাককে ঘিরে হাতাহাতি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রতিমন্ত্রীর
জাতীয় সংসদ ভবন এলাকায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভ্রান্তিকর তথ্য ও গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে প্রতিমন্ত্রীর দপ্তর।
রোববার (২৬ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির বলেন, ২৫ জুলাই নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মী ও উপস্থিত জনতার মধ্যে হঠাৎ বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে যান ইশরাক হোসেন।
বিবৃতিতে বলা হয়, প্রতিমন্ত্রী সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে অবরুদ্ধ সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেন। সংঘর্ষ এড়াতে তিনি দুই পক্ষের মাঝখানে দাঁড়িয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং পরে উভয় পক্ষকে স্থান ত্যাগের নির্দেশ দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উত্তপ্ত বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইশরাক হোসেন নিজেই এগিয়ে যান। এ সময় পেছন থেকে কয়েকজন তাকে বিব্রত করার চেষ্টা করলে এক পুলিশ কর্মকর্তা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন।
প্রতিমন্ত্রীর দপ্তরের দাবি, ভাইরাল ভিডিও ব্যবহার করে একটি মহল ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে তার ভূমিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
বিবৃতিতে আরও বলা হয়, ইশরাক হোসেন সবসময় শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে কোনো উসকানি বা পরিকল্পিত নাশকতার চেষ্টা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
মতামত দিন