লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সোহেল মুন্সী (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর দুর্বৃত্তরা তার ব্যবহৃত মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে পরিবার। বুধবার গভীর রাতে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল মুন্সী ওই গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে সোহেল বাড়ির পূর্ব পাশের একটি ঘরে একা ঘুমাতে যান। সম্প্রতি সন্তান জন্ম দেওয়ায় তার স্ত্রী নুপুর বেগম শাশুড়ি সেফালি বেগমের সঙ্গে পাশের আরেকটি ঘরে অবস্থান করছিলেন। গভীর রাতে হঠাৎ শব্দ পেয়ে পরিবারের সদস্যরা বাইরে বের হয়ে দেখেন, উঠানে সোহেলের মোটরসাইকেলে আগুন জ্বলছে। পাশেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার মরদেহ।
স্থানীয়দের দাবি, সোহেলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে হত্যাকাণ্ডের আলামত নষ্ট করার উদ্দেশ্যে মোটরসাইকেলে আগুন দেওয়া হতে পারে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। তদন্তের স্বার্থে বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মতামত দিন