ফুটবল দল গঠন না করলে এমপিও স্থগিত করা হবে: প্রতিমন্ত্রী
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ফুটবল দল গঠন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও (মান্থলি পে-অর্ডার) স্থগিত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিক্ষামন্ত্রী ডা. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিযোগিতা সফল করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ফুটবল দল গঠনের আহ্বান জানানো হয়েছে। কোনো প্রতিষ্ঠান দল গঠন করতে না পারলে কেন পারেনি, তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিত রাখার পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, খেলাধুলা নিয়মিত হলে আলাদাভাবে প্রতিভা খুঁজতে হবে না। মাঠ থেকেই দক্ষ খেলোয়াড় উঠে আসবে। তাই সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে দল গঠন নিশ্চিত করতে হবে।
মীর শাহে আলম আরও বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি ১১ বা ১৫ জনের একটি দলও গঠন করতে না পারে, তাহলে সেখানে শিক্ষার্থী সংকট রয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।
সভায় প্রতিযোগিতাকে আরও ব্যাপকভাবে আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়। উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যাতে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিতে পারে এবং দেশজুড়ে ফুটবল উৎসবের পরিবেশ সৃষ্টি হয়।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন