Views Bangladesh Logo

প্রত্যেক ইউনিয়নে স্কুল-কলেজ প্রতিষ্ঠা করা হবে: শামা ওবায়েদ

বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে উন্নত মানের মাদ্রাসা প্রতিষ্ঠা এবং শিশুদের জন্য উন্নত শিক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলা সদরে স্থানীয় বিএনপির আয়োজনে ফরিদপুর (বদরপুর)-সালথা-সোনাপুর-মুকসুদপুর সড়কের সালথা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, আপনাদের ছেলেমেয়ে ও নাতি-নাতনিদের ভবিষ্যতের জন্য প্রত্যেক ইউনিয়নে স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে। উন্নত মানের মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে। ছোট ছোট ছেলে-মেয়েরা যাতে উন্নত শিক্ষা ও সুযোগ-সুবিধা পায়, সে ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, উন্নয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সরকারের পক্ষেই সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষেই উন্নয়ন সম্ভব। গত ১৭ বছর বিনা ভোটে নির্বাচিত একটি সরকার দেশে ছিল উল্লেখ করে তিনি বলেন, ওই সময়ে কোনো ধর্ম বা দলের মানুষই ভালো থাকতে পারেনি। এখন দেশের উন্নয়ন করার সুযোগ এসেছে।

আগামী পাঁচ বছর এলাকার মানুষের ভাগ্যোন্নয়নকে প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আল্লাহতায়ালা সহায় হলে মানুষের জীবনমান উন্নয়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করা হবে।

এ সময় তিনি বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না বলেও মন্তব্য করেন। শামা ওবায়েদ বলেন, ১৮ বছর অনেক আন্দোলন-সংগ্রামের পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এই গণতন্ত্র অব্যাহত রাখতে হবে এবং কোনো স্বৈরাচারকে আর ফিরে আসতে দেওয়া যাবে না।

দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বক্তব্যের একপর্যায়ে মঞ্চে দাঁড়িয়ে ‘স্বৈরাচার না গণতন্ত্র’ ও ‘ফ্যাসিবাদ না উন্নয়ন’ স্লোগান দেন শামা ওবায়েদ। উপস্থিত নেতাকর্মীরাও তার সঙ্গে স্লোগানে অংশ নেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ