Views Bangladesh Logo

দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের টানা ১৬ দিনের ছুটি শেষে আজ রোববার (৭ জুন) থেকে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুনরায় শুরু হচ্ছে পাঠদান কার্যক্রম। ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, গত ২৪ মে থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছিল।

তবে আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলোতে ছুটি আরও কয়েকদিন চলবে। মাদরাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের ছুটি আগামী ১১ জুন পর্যন্ত বহাল থাকবে। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে মাদরাসাগুলোতে আবারও শ্রেণি কার্যক্রম শুরু হবে।

এদিকে ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েও ছুটি দেওয়া হয়েছিল। তবে বেশির ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামীকাল সোমবার (৮ জুন) থেকেই পুরোদমে ক্লাস কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দীর্ঘ ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবারও প্রাণচঞ্চল হয়ে উঠবে বলে আশা করছেন শিক্ষা-সংশ্লিষ্টরা। তবে চলমান তাপপ্রবাহ ও গরম আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা ও ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ