Views Bangladesh Logo

মাদকবিরোধী সচেতনতা বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্যচিত্র ও থিম গান প্রদর্শনের নির্দেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জোরদার করতে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্যচিত্র ও থিম গান প্রদর্শনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ডিএসএইচই)। শিক্ষা মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা পরামর্শক কমিটির সপ্তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) অধিদপ্তরের মনিটরিং ও মূল্যায়ন উইংয়ের পরিচালক কাজী মো. আবু কাইউম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রস্তুতকৃত একটি তথ্যচিত্র এবং একটি থিম গান প্রদর্শনের উদ্যোগ নেয়া হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এই দুটি উপকরণ প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

আগামী ২৩ জুলাইয়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের একটি গুগল ফর্মের মাধ্যমে তথ্য জমা দিতে বলা হয়েছে। চিঠির সঙ্গে সংশ্লিষ্ট গুগল ডক লিংক (https://forms.gl/WkrL2CFc7RCSJugZ6) এবং একটি QR কোড সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়টিকে ‘অত্যন্ত জরুরি’ হিসেবে উল্লেখ করে আঞ্চলিক পরিচালকদেরকে নির্দেশনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে অনুরোধ জানানো হয়েছে, যাতে দেশের সব মাধ্যমিক ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠানের প্রধানরা সময়মতো নির্দেশনা পান।

এর আগে সংশ্লিষ্ট বিভাগগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মাদক বিক্রি বন্ধে মাঠ প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণে নির্দেশ দেয়। এর পাশাপাশি শিক্ষার্থী-ভিত্তিক সচেতনতা বৃদ্ধিতে প্রতিটি প্রতিষ্ঠানে গঠিত কমিটিকে আরও সক্রিয় ও দৃশ্যমান করার তাগিদ দেয়া হয়। একই সঙ্গে হিজবুত তাহরীর নামক নিষিদ্ধ সংগঠনের প্রচারণা মোকাবেলায় শিক্ষার্থীদেরকে কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা সম্পর্কে সচেতন করার পরামর্শও দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালে দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর শিক্ষাপ্রতিষ্ঠান-ভিত্তিক মাদকবিরোধী কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করে। প্রাথমিকভাবে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে এ কমিটি গঠন করা হয়। সাফল্যের ভিত্তিতে এটি দেশব্যাপী সম্প্রসারিত হয়। শিক্ষক ও অভিভাবকদের নিয়ে একটি কমিটি গঠন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে এ কর্মসূচি আরও বিস্তৃত করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ