টাঙ্গাইলে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর সেঁজুতি রাণী সরকার (৮) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সেঁজুতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার ফালু চন্দ্র সরকারের মেয়ে। সে স্থানীয় আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে সেঁজুতি উপজেলা পরিষদ মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে মাইকিং করা হয় এবং সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। দুই দিন পর সোমবার সকালে স্থানীয়রা উপজেলা পরিষদ পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্বজনরা মরদেহটি সেঁজুতির বলে শনাক্ত করেন।
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত দিন