Views Bangladesh Logo

স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ছড়িয়ে পড়ার পর ছাত্রীর বিষপান

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক স্কুলছাত্রী ও এক যুবককে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অপমান সহ্য করতে না পেরে ওই ছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি করেছেন স্থানীয়রা।

গত মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী স্কুলছাত্রী রাহুথড় উদয়ন বিদ্যাপীঠের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অপর ভুক্তভোগী যুবক উপজেলার রাহুথড় গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র ও ভাইরাল ভিডিও থেকে জানা যায়, স্কুল চলাকালে ওই ছাত্রীকে রাহুথড় বড় ব্রিজ এলাকা থেকে এবং যুবককে তার বাড়ি থেকে ডেকে বিদ্যালয়ে আনা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণের একটি দেবদারু গাছের সঙ্গে গামছা দিয়ে দুজনকে বেঁধে রাখা হয়। শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের উপস্থিতিতে তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। এ সময় কয়েকজন ঘটনাটির ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় হাতিয়াড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নয়ন গোলদার, জয় শিকদার, মিশন রায়সহ আরও কয়েকজন জড়িত থাকার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অপমান সহ্য করতে না পেরে স্কুলছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

অভিযোগের বিষয়ে নয়ন গোলদার বলেন, আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর স্থানীয় যুবকেরা তাদের নিয়ে যাচ্ছিল। দুজনকে বিদ্যালয়ে নিয়ে অভিভাবকদের হাতে তুলে দিয়েছি। তবে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের বিষয়টি জানা নেই।

বিদ্যালয়ের প্রধানশিক্ষক ইন্দ্রজিৎ সরকার জানান, ঘটনার দিন তিনি বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। বিষয়টি নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ