হাজারীবাগে স্কুলছাত্রী হত্যা: প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
রাজধানীর হাজারীবাগ এলাকায় স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে কাঁঠালবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও পোশাক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত বিন্তি রায়েরবাজার উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বুধবার রাত ৮টার দিকে হাজারীবাগের রায়েরবাজার এলাকায় নিজ বাসার সামনে ছোট ভাইয়ের সঙ্গে নিচে নামলে হামলার শিকার হয় সে। কিছুক্ষণ পর হট্টগোল শুনে স্বজনরা নিচে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে রাত সোয়া ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা অভিযোগ করেন, সিয়াম দীর্ঘদিন ধরে তার মেয়েকে মুঠোফোনে বিরক্ত করছিল। বিষয়টি নিয়ে তাকে সতর্কও করা হয়েছিল। তিনি হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের কাঁধ ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযুক্তকে ধরতে অভিযান শুরু হয়। ভোরে তাকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে