Views Bangladesh Logo

জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের জানালা ভেঙে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের হাতে আটক দুই সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নের একটি গ্রামে।

স্বজনদের অভিযোগ, ঘটনার সময় কিশোরীর মা ও দাদি হাসপাতালে থাকায় বাড়িতে সে তার ছোট ভাই-বোনের সঙ্গে ছিল। রাতের আঁধারে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল বাড়িটি ঘিরে ফেলে। তারা প্রথমে দরজা খুলতে চাপ দেয়। দরজা না খোলায় জানালা ভেঙে ঘরে ঢুকে কিশোরীকে জোর করে তুলে নিয়ে যায়।

এ সময় স্বজন ও প্রতিবেশীরা বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখিয়ে তাদের সরিয়ে দেয়। পরে মোটরসাইকেলে করে কিশোরীকে পাশের গ্রামের একটি পুকুরপাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন ব্যক্তি পালাক্রমে তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ।

স্থানীয়দের ভাষ্য, ঘটনার প্রায় দুই ঘণ্টা পর কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ৩টার দিকে তাকে বাড়ির উঠানে ফেলে রেখে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। এ সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে দুই সন্দেহভাজনকে মোটরসাইকেলসহ আটক করে গণধোলাইয়ের পর সদরপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করে।

আটক দুজন হলেন হেলাল মৃধা (২০) ও রইস শিকদার (১৬)।

ভুক্তভোগীর মা বলেন, শাশুড়ির অপারেশনের কারণে তিনি হাসপাতালে ছিলেন। খবর পেয়ে বাড়িতে এসে মেয়ের এমন অবস্থা দেখে তিনি ভেঙে পড়েন। ঘটনার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

ভুক্তভোগীর ছোট বোনও জানায়, জানালা ভেঙে ঘরে ঢুকে তার বোনকে টেনে-হিঁচড়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক সালমা জাহান জানান, ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বাম হাতে, বুকে ও গালে ধারালো অস্ত্রের আঘাত এবং পেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ভুক্তভোগী চিকিৎসকদের জানিয়েছেন, তিনজন তাকে ধর্ষণ করেছে। আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামছুল আজম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। স্থানীয়দের হাতে আটক দুই সন্দেহভাজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ