স্কুলে যাওয়ার পথে ছাত্রী অপহরণ, দিনভর ধর্ষণের পর ফেলে রাখা হয় সড়কের পাশে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণের পর সড়কের পাশে ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে অচেতন অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
পরিবারের অভিযোগ, সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে ঢাকা-রংপুর মহাসড়কের সমাসপাড়া এলাকায় দুই যুবক জোর করে তাকে একটি অটোরিকশায় তুলে নেয়। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে চেতনানাশক কিছু খাইয়ে দীর্ঘ সময় ধরে ধর্ষণ করা হয়। বিকেলের দিকে অচেতন অবস্থায় তাকে সড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়রা রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দিলে তারা উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, শিশুটি গুরুতর যৌন নির্যাতনের শিকার হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত রেফার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে